ইরান ট্রাম্পকে রাজনৈতিক পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে: মোহসেন রেজায়ি

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
ইরান ট্রাম্পকে রাজনৈতিক পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে: মোহসেন রেজায়ি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টিকে আরও একটি ধাক্কা দিয়েছে ইরান।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ওয়াশিংটনের জন্য একটি রাজনৈতিক পরাজয়।

রেজায়ি লেখেন, ‘যে-ই ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে, তাকে এর মূল্য দিতে হবে—যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে নিজের ঘরের দোরগোড়া পর্যন্ত।’

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এই সচিব বলেন, এই রাজনৈতিক পরাজয় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসী যুদ্ধের ব্যর্থতার তালিকায় আরও একটি সংযোজন। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ওই যুদ্ধের ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে মার্কিন করদাতাদের ওপর চাপানো হয়েছে বিপুল আর্থিক বোঝা।

তিনি আরও বলেন, ‘ইরানি জাতি যুদ্ধক্ষেত্রে এবং হরমুজ প্রণালিতে ট্রাম্পকে কৌশলগত পরাজয় উপহার দিয়েছে, আর ওয়াশিংটনে দিয়েছে রাজনৈতিক পরাজয়। অন্যদিকে, মার্কিন জনগণকে তাঁর যুদ্ধের ব্যয় বহন করতে হচ্ছে।’ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টা পর রেজায়ি এই মন্তব্য করেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্টি।

ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে প্রভাব পড়েছে।

ট্রাম্পের যুদ্ধনীতির সমালোচক বেশ কয়েকজন প্রার্থী মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়েছেন। তাঁদের অনেকে এমন সব অঙ্গরাজ্যে জয় পেয়েছেন, যেগুলো কয়েক দশক ধরে রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের বাকি সময়টুকুতে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন আইন প্রণয়ন উদ্যোগের কারণে বড় ধরনের রাজনৈতিক ও নীতিগত বাধা এড়াতে ট্রাম্পকে ইরানবিষয়ক নীতি পুনর্বিবেচনা করতে হতে পারে। তাঁর বর্তমান মেয়াদ ২০২৯ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা।

Ads