ঝিনাইদহে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
ঝিনাইদহে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৪) নামে এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে কালীগঞ্জ শহরের নতুন বাজার এলাকার ছাগলহাটার পাশের একটি চৌচালা ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়াদুদ বিশ্বাস কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নতুন বাজারে ভাতের হোটেল পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ঘরটির ভেতরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর হবে।

Ads