নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নানা আয়োজনের মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দিবস উদযাপন কমিটির সভাপতি এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম সারওয়ার জাহান, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা ইয়াসিন আলী, গোলাম মোস্তফা ও পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এবং এতিমদের মাঝে খাবারও বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads