কুষ্টিয়ায় ছাত্রলীগের ভবিষ্যৎ কাণ্ডারি এখন ছাত্রদল সভাপতি

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ছাত্রলীগের ভবিষ্যৎ কাণ্ডারি এখন ছাত্রদল সভাপতি

পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল ‘কুমারখালী উপজেলা ছাত্রলীগের ভবিষ্যৎ কাণ্ডারি’ হিসেবে। সেই সাজিদুল চৌধুরী মৃদুল এখন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। ২০২০ সালের একটি ফেসবুক লাইভ ভিডিও নতুন করে সামনে আসার পর তাঁর অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা ও বর্তমান সাংগঠনিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার তসলিম উদ্দিন নিসাত।

২০২০ সালের ১৬ অক্টোবর ‘Sk Shojib’ নামের একটি ফেসবুক আইডি থেকে মৃদুলের জন্মদিনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। লাইভ ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘শুভ জন্মদিন স্নেহের অনুজ সাজিদুল চৌধুরী মৃদুল। কুমারখালী উপজেলা ছাত্রলীগের ভবিষ্যৎ কাণ্ডারি।’ ওই ক্যাপশন ঘিরেই মূলত নতুন করে আলোচনার সূত্রপাত। কারণ, ভিডিওতে যাঁকে ছাত্রলীগের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে উল্লেখ করা হয়েছিল, তিনি বর্তমানে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের একটি ইউনিয়ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

মৃদুলের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন মাস আগে তাঁকে চাপড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি করা হয়েছে। তবে পাঁচ বছর আগের ওই ফেসবুক পোস্টে তাঁকে ছাত্রলীগের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে উল্লেখ করার পেছনে কী প্রেক্ষাপট ছিল সে বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি।

ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের লোগোসংবলিত একটি কার্যালয়ে জন্মদিনের কেক কাটার আয়োজন চলছে। সেখানে কুষ্টিয়া পৌরসভার সাবেক এক কাউন্সিলর এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি এসকে সজীব উপস্থিত ছিলেন। তাঁদের মাঝখানে দাঁড়িয়ে কেক কাটেন মৃদুল। অনুষ্ঠান শেষে ঐ কাউন্সিলর ও এসকে সজীব তাঁকে কেক খাইয়ে দেন। এ সময় কার্যালয়ে আরও ৮-৯ জন তরুণকে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে মৃদুল বলেন, যে আইডি থেকে ভিডিওটি লাইভ করা হয়েছে, সেই ব্যক্তি এসকে সজীবকে তিনি চেনেন না। জন্মদিন উপলক্ষে তাঁর আপন ফুফাতো ভাই তাঁকে কেক কাটার জন্য ডেকেছিলেন। তাঁর অফিসে গিয়েই তিনি জন্মদিনের কেক কাটেন।

তবে ভিডিওতে এসকে সজীবের সরাসরি উপস্থিতি এবং তাঁকে কেক খাইয়ে দেওয়ার দৃশ্যের বিষয়ে মৃদুলের এই ব্যাখ্যা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

এসকে সজীব কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কুষ্টিয়া সদর উপজেলায় মিলন হোসেন (২৪) নামে এক যুবককে হত্যার পর মরদেহ নয় টুকরা করে পদ্মার চরে পুঁতে রাখার ঘটনায় তাঁর নাম সামনে আসে। ওই হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদ অনুযায়ী, কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নের কান্তিনগর বোয়ালদহসংলগ্ন পদ্মার চর থেকে ছয়টি স্থানে পুঁতে রাখা মিলনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসকে সজীবসহ পাঁচজনকে আটক করা হয়েছিল। তৎকালীন পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, টাকার দাবিতে মিলনকে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়। পরে হত্যার ঘটনা গোপন করতে ধারালো অস্ত্র দিয়ে মরদেহ টুকরা করে নদীর চরে পুঁতে রাখা হয়েছিল।

একটি সূত্র জানায়, তৎকালীন ঐ সময়ে মৃদুল কে ছাত্রলীগের সহ-সভাপতি সজীব কাছে এক পৌরসভার কাউন্সিলর নিয়ে যায় এবং চাপড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি করার প্রস্তাবনা দেয়। সেই সাথে কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

তৎকালীন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ জানিয়েছিলেন, নিখোঁজের পর মিলনের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তদন্ত শুরু হয়। একপর্যায়ে তাঁর এক বন্ধুকে আটক করা হলে জিজ্ঞাসাবাদে এসকে সজীবের নেতৃত্বে হত্যাকাণ্ডের তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে সজীবসহ আরও চারজনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা হত্যাকাণ্ড ও মরদেহ গুমের বিষয়টি স্বীকার করেছিলেন।

প্রকাশিত ওই সংবাদে আরও বলা হয়েছিল, এসকে সজীবের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভাঙচুর ও ইন্টার্ন চিকিৎসকদের মারধরের অভিযোগে তাঁকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে উল্লেখ করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার তসলিম উদ্দিন নিসাত বলেন, ‘ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো ফ্যাসিস্টের দোসর ছদ্মবেশ ধারণ করে আমাদের মধ্যে মিশে থাকতে পারবে না।’

Ads