ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল নিয়ে দুঃসংবাদ

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের মধ্যে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গতকাল বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সৌদি আরবের গন্তব্যগুলোর ক্ষেত্রে পূর্বঘোষিত ফ্লাইট পরিচালনা স্থগিতের সিদ্ধান্ত ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখা হবে।

বিমান আরও জানায়, ‘নিরাপত্তা উদ্বেগের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।’

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ রুটে বিমানের ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করেছে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে তাদের ফ্লাইটগুলো আগে ঘোষিত সময়সূচি ও পরিচালনাগত ব্যবস্থা অনুযায়ী চলাচল অব্যাহত রাখবে।

বিমান আরও জানায়, সৌদি আরবের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবগামী যাত্রীদের ফ্লাইটের সময়সূচি, টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বর্তমান স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Ads