বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সুদের হার বাড়ানোর ইঙ্গিতের কারণে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। এতে স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ কমে ৩ হাজার ৯৮১ ডলার ৪৯ সেন্টে দাঁড়িয়েছে। এর আগে দিনের লেনদেনে গত ৪ নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় স্বর্ণের দাম। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮৭ ডলার ৫০ সেন্ট হয়েছে।

বৃহস্পতিবার বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের মান গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডলারের দাম বাড়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।বাজার বিশ্লেষক ইলিয়া স্পিভাক বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ এবং সুদের হার বাড়ার প্রত্যাশার কারণে গত কয়েক দিনে স্বর্ণের বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। তবে বাজারে এই পতনের ধারাবাহিকতা বজায় থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে প্রতি আউন্স ৪ হাজার ডলারের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে স্বর্ণের দাম।

এর আগে মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার অর্ধশতাংশীয় পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। নীতিনির্ধারকদের বক্তব্যেও কঠোর মুদ্রানীতির ইঙ্গিত পাওয়া গেছে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার খরচ বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে এর আকর্ষণ কমে।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এই তথ্য স্বর্ণের বাজারে নতুন প্রভাব ফেলতে পারে।

ওসিবিসি ব্যাংকের বিশ্লেষকেরা এক প্রতিবেদনে জানিয়েছেন, স্বল্পমেয়াদে স্বর্ণের দামে উত্থান-পতনের ঝুঁকি রয়েছে। তেলের দাম, বন্ডের সুদহার ও মার্কিন ডলারের অবস্থান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্বর্ণের জন্য কিছুটা প্রতিকূল হলেও মধ্যমেয়াদে এর সম্ভাবনা নিয়ে তাঁরা এখনো নেতিবাচক অবস্থানে যাননি।

অন্যদিকে মূল্যবান ধাতু প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৭ ডলার ২৫ সেন্ট হয়েছে।

Ads