ফারুয়া এগুজ্যাছড়ি আর্য্য মৈত্রী বৌদ্ধ বিহারে ২৫ তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

মো, আজগর আলী খান, রাজস্থলী প্রতিনিধি (রাঙ্গামাটি)ঃ
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
ফারুয়া এগুজ্যাছড়ি আর্য্য মৈত্রী বৌদ্ধ বিহারে ২৫ তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়নের এগুজ্যাছড়ি আর্য্য মৈত্রী বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২৫ তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও পূজার্চনার মধ্য দিয়ে আয়োজিত এ উৎসবে দূর-দূরান্ত থেকে শত শত পুণ্যার্থী অংশগ্রহণ করেন। সকাল থেকেই বিহার প্রাঙ্গণে পুণ্যার্থীদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক পবিত্র ও আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানের শুরুতে দূর-দূরান্ত থেকে আগত ভিক্ষু সংঘকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। সকাল সাড়ে ৯টায় বুদ্ধ পূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন অগৈয়াছড়ি মনোরম বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের। প্রধান আলোচক হিসেবে উপস্থিত নারাইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনা রক্ষিত থের। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিলাছড়ি ভাবনা কেন্দ্র ভদন্ত বুদ্ধজ্যােতি থের।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা ১৫ মিনিটে পূজনীয় ভিক্ষু সংঘের পিণ্ডদান ও আমন্ত্রিত অতিথিদের মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

পরে দুপুর ২টায় বিহার পরিচালনা কমিটির সভাপতি জীবন বিকাশ তঞ্চঙ্গ্যার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে প্রথমে কঠিন চীবর নিয়ে এলাকার প্রধান সড়কে প্রদক্ষিণ করা হয়। এরপর কল্পতরু দান, আকাশ প্রদীপ উৎসর্গ, পঞ্চশীল গ্রহণ এবং মূল কঠিন চীবর দান সম্পন্ন হয়। এ পর্বেও সভাপতিত্ব করেন ভদন্ত ধর্মানন্দ মহাথের অধ্যক্ষ রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহার।

দ্বিতীয় পর্বে একক আলোচক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন শাক্যজ্যোতি থের, ইন্টারন্যাশনাল থৈরবাদ বুড্ডিস্ট মিশনারী বিশ্ববিদ্যালয় মায়ানমার বৌদ্ধ ধর্ম ডিপ্লোমা ও বি এ, উপাধ্যক্ষ বাঘমারা অপ্রমাদ ভাবনা কেন্দ্র বান্দরবান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য যতিন তঞ্চঙ্গ্যা , স্থানীয় হেডম্যান, কার্বারিসহ জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে পুণ্যার্থীরা বৌদ্ধ ধর্মের শান্তি, মৈত্রী, করুণা ও মানবকল্যাণের আদর্শে অনুপ্রাণিত হন। জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে সমবেত প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

 

Ads