বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, জামাত নেতার বাড়ি-কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:২৫ অপরাহ্ণ
বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, জামাত নেতার বাড়ি-কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়া শহরের জুগিয়ায় বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘর্ষে জামায়াতের ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাজা ও ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন জুগিয়া এলাকার নজরুল, শরিফুল, রফিকুল, ইউনুস ও লাল মিয়া। তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুগিয়া ভাটাপাড়া ঘাটে বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামের কাছ থেকে ঘাটটির দায়িত্ব পরিবর্তনের পর কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু সেটির দায়িত্ব নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর সেখানে বালু উত্তোলন শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত বালু উত্তোলনের ফলে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি এলাকার সামাজিক পরিবেশও বিঘ্নিত হচ্ছে। এর প্রতিবাদে সম্প্রতি এলাকাবাসী সংশ্লিষ্ট সড়কটি বন্ধ করে দেন।

এ ঘটনার জের ধরে বুধবার রাতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। তাদের দাবি, দেড় থেকে দুই শতাধিক লোকের একটি দল জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা চালায়। শাজাহান আলী জামায়াতে ইসলামীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও শহর শাখার ইউনিট সদস্য।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা শাজাহান আলীর বাসভবন, কার্যালয় এবং সামনের দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। একই সময়ে ১৫ নম্বর ওয়ার্ড জামায়াত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয় বলে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেছেন।

এ ঘটনায় শাজাহান আলীসহ জামায়াতের ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনিসহ জেলা পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ তাজা ও ব্যবহৃত গুলি উদ্ধার করেছে। বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত এ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Ads