রাজধানীসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
রাজধানীসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকাও এর আওতায় রয়েছে। এছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় ১৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন বিজিবি। অন্যদিকে, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দায়িত্ব পালন করছেন আরও ২ প্লাটুন বিজিবি সদস্য। মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তারা দায়িত্ব পালন করছেন।

এদিকে, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

Ads