সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ দুই জন কে গ্রেপ্তার

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ দুই জন কে গ্রেপ্তার

সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র, গোলাবারুদ ও খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগে কয়রা উপজেলা যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খুলনার কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান (৩৭) ও একই এলাকার আব্দুর রহিম (২৬)।

এসআরবি-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানির একটি দল পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দস্যুতায় ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাফিজুর রহমান জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করতেন। আর আব্দুর রহিম তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অন্যান্য রসদ সরবরাহ করতেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কেও তিনি জলদস্যুদের তথ্য দিতেন বলে অভিযোগ রয়েছে।

এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার দুজন ও পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Ads