বোদা উপজেলার ধরধরা গ্রামে ট্রেনে কাটা পড়ে ১ অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
বোদা উপজেলার ধরধরা গ্রামে ট্রেনে কাটা পড়ে ১ অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বোদা উপজেলার ধরধরা গ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের ধরধরা গ্রামে রেললাইনের উপর এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ধরধরা এলাকায় রেললাইনের উপর এক ব্যক্তির দ্বি-খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়রা বোদা থানার পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঠিক কোন ট্রেনে বা কখন এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।

পুলিশ মরদেহটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। যেহেতু ঘটনাটি রেলওয়ের সীমানার ভেতরে, তাই নিয়ম অনুযায়ী বিষয়টি দিনাজপুর রেলওয়ে থানার জিআরপি পুলিশকে খবর দেয়।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি। তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেবেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত এই নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ নিহতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

Ads