হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ ঝিনাইদহে অনুষ্ঠিত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ ঝিনাইদহে অনুষ্ঠিত

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ঝিনাইদহ শাখার আয়োজনে সদর থানা হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদে ও ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন মাদরাসা ও হেফজখানার সহস্রাধিক কোমলমতি হাফেজে কুরআন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুরআনের হাফেজদের মানোন্নয়ন, শুদ্ধ তিলাওয়াত চর্চা এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের হিফজ প্রতিযোগিতার জন্য গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আশরাফুল আলম, হাফেজ মোহম্মদ উল্লাহ, হাফেজ মাওলানা সাকের প্রমুখ।

প্রতিযোগিতায় দেশবরণ্যে ও অভিজ্ঞ ক্বারী এবং হাফেজগণ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরা শিক্ষার্থীদের তিলাওয়াতের মান, তাজবীদ, সুর এবং হিফজের সঠিকতা বিচার-বিশ্লেষণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শীর্ষ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ট্রফি ও আকর্ষণীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, “কুরআনের শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সুনাগরিক ও যোগ্য হাফেজ হিসেবে গড়ে তুলতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের হিফজ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ঝিনাইদহ শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষক-পরিচালক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Ads