সিরাজগঞ্জে হুমকি-চাঁদাবাজির অভিযোগে দুই নেতার পদ স্থগিতসহ তিন জনকে শোকজ

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে হুমকি-চাঁদাবাজির অভিযোগে দুই নেতার পদ স্থগিতসহ তিন জনকে শোকজ

সিরাজগঞ্জে হুমকি-চাঁদাবাজির অভিযোগে দুই নেতার পদ স্থগিতসহ তিন জনকে শোকজ করেছে জেলা বিএনপি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দুইজন এবং সিরাজগঞ্জ পৌর এলাকা তিনজনের বিরুদ্ধে ইতিমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে বলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানাগেছে, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি, ধামকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে দুই নেতার সব দলীয় পদ স্থগিত এবং চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। এরা হলেন- বেলকুচি পৌর শাখাধীন জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল ও বেলকুচি পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্ডল।

অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন- সিরাজগঞ্জ জেলা শহরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল ও সদর থানা রোডের বিএনপি নেতা আরজু আহমেদ।

ওই চিঠি দুটিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের দলীয় সব পদ থেকে স্থগিতাদেশ প্রদান করা হলো।

একইসাথে আপনাদের বিরুদ্ধে কেন সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা প্রদান করা হলো।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্তগুলো অনুমোদন করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

 

Ads