মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ : দু’পক্ষের মামলা, নারীসহ ১৫জন আটক

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ : দু’পক্ষের মামলা, নারীসহ ১৫জন আটক

মাগুরা পৌরসভার বাটিকাডাঙ্গা চার রাস্তার মোড়ে স্থানীয় বিএনপি অফিসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বুধবার রাতে স্থানীয় বিএনপি’র পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিটির সভাপতি তারিকুল শেখ ও প্রতিপক্ষ একই ওয়ার্ড বিএনপি’র নেতা আবু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারী পৃথক দুইটি মামলা রুজু করা হয় মামলা নং ৩২ ও ৩৩ তাং ২৬ফেব্রুয়াারী।, ঘটনার পরপরই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ উভয় পক্ষের একজন মহিলা সহ ১৫ জন কে আটক করে।

বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। আদালত গ্রেফতারকৃতদের জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠান।

পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সুমন বিশ্বাস (৩৩), জামিল শেখ (৩১), মোঃ রবিন খান (৩১), বাচ্চু মিয়া (৪৬), মোঃ সাইফুল ইসলাম (৪৪), মোঃ ওসমান (২৩), মোঃ সাব্বির হোসেন (২৫), মোঃ হাফিজুল ইসলাম (২৭), শান্ত বিশ্বাস (১৯), মোঃ আরিফ শেখ (৩৫), মোঃ আনোয়ার হোসেন, মোঃ মনিরুল শেখ, মোছাঃ শিকা বেগম (২৬) ও আবুল হোসেন আবু (৫৬)। এ ঘটনায় মাগুরা সদর থানা-এ পৃথক দুইটি মামলা রুজু হয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে—দল-মত নির্বিশেষে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads