সৈয়দপুর শহরে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়লো ব্যাংকসহ অর্ধশতাধিক দোকান

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
সৈয়দপুর শহরে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়লো ব্যাংকসহ অর্ধশতাধিক দোকান

নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম শহীদ ডা. জিকরুল হক সড়কে এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি বহুতল ভবন, ঢাকা ব্যাংক পিএলসি, তুলার দোকানসহ অর্ধশতাধিক মনোহারি দোকান পুড়ে ছাই হয়েছে।

সৈয়দপুর, নীলফামারী, উত্তরা ইপিজেড, রংপুর, তারাগঞ্জ দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে সফল হয়। তবে শহর এলাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল বাহিনীর সদস্যদের। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই অগ্নিকান্ডে ঘটনাটি ঘটে।

ব্যবসায়ীরা জানান, দুপুরের দিকে শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাশে থাকা একটি বহুতল ভবনে অবস্থিত ঢাকা ব্যাংক পিএলসি, ভিশন শোরুম, গাউসিয়া হোটেল, পাহেলওয়ান হোটেল ও অনেকগুলো কাপড়ের দোকান ও শোরুমে আগুন ছড়িয়ে পড়ে। পরে এ অগুন মনোহারি পট্টিতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সৈয়দপুর, নীলফামারী, উত্তরা ইপিজেড, রংপুর, তারাগঞ্জ দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রায় ২ ঘন্টার ও বেশি সময় ধরে সড়ক বন্ধ করে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ঈদের আগে এ ধরণের অগ্নিকান্ডে বিরাট ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা।

সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন জানান, ঈদ বাজারে এ ধরণের অগ্নিকান্ড ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। এ অগ্নিকান্ডে ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হবেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ বলাই যাচ্ছে না। তবুও শতকোটি টাকা হবে বলে জানান তিনি।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা এখনো জানা যায়নি। আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ফলে আগুন নেভাতে সারে ১২টা থেকে ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্তনে আসে।ক্ষয়ক্ষতির পরিমাণ কতো হবে তা বলেননি তিনি। ব্যাংকের কয়েকজন আটকা পড়লে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Ads