কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, জাল টাকা, মাদকসহ আটক-২

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, জাল টাকা, মাদকসহ আটক-২

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে পিস্তল, জালটাকা ও মাদকসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার ভোররাতে উপজেলার দূর্গাপুর জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটকৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার দূর্গাপুর জেলেপাড়ার এলাকার জ্যোতিষ চন্দ্র সরকারের ছেলে সত্য চন্দ্র সরকার ও সত্য চন্দ্র সরকারের স্ত্রী সুষ্মিতা সরকার।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার দূর্গপুর জেলাপাড়া এলাকার সত্য চন্দ্র সরকার ও তার স্ত্রী সুষ্মিতা সরকার দীর্ঘদিন ধরে মাদক ও জাল টাকার ব্যবসা চালিয়ে আসছিলেন। তারা স্বামী-স্ত্রী মিলে মাদকের একটি বড় চালান বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সত্যচন্দ্র সরকার ও তার স্ত্রী সুষ্মিতা সরকারকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, বুলেটে ব্যবহৃত সীসা, ১২৯পিচ ইয়াবা টেবলেট, ৪টি দেশীয় অস্ত্র, একটি টি বল্লম, একটি মদের বোতল, ১৭টি এন্ড্রয়েট মোবাইল সেট, ২৭টি বাটন মোবাইল সেট, জাল টাকা, নগদ ৯ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুরে আটকৃতদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হলে আটককৃতদের গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়স্ত্র, জাল টাকা, ইয়াবা, নগদ টাকাসহ দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Ads