উলিপুরে ২ ইটভাটার স্থাপনা ভেঙ্গে দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
উলিপুরে ২ ইটভাটার স্থাপনা ভেঙ্গে দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

কুড়িগ্রামের উলিপুরে লাইসেন্স বিহীন দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকা জরিমানা ও অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমেদ।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। অভিযানে জেলা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স এইচবিইউ ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহ করছিল।

এ অপরাধে ভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হালনাগাদ কাগজপত্র না থাকায় এক্সকাভেটর দিয়ে ভাটার অবকাঠামো ভেঙ্গে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

অন্যদিকে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট নামক এলাকায় অবস্থিত অপর একটি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০২৯ এর ৫(২) ধারা লঙ্ঘন হওয়ায় ভাটা মালিকের ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করাসহ লাইসেন্স না থাকায় ভাটাটির চিমনি ওয়াল ভেঙে দেয়া হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আইনের কোনো বিধান অনুসরণ না করেই ইটভাটা স্থাপন করা হয়েছিল। কৃষিজমি রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ads