ভোলা থেকে সার পাচারচেষ্টা, ৪ ট্রাক সহ ১৩৬০ বস্তা ইউরিয়া সার জব্দ

শরীফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
ভোলা থেকে সার পাচারচেষ্টা, ৪ ট্রাক সহ ১৩৬০ বস্তা ইউরিয়া সার জব্দ

ভোলা থেকে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা ইউরিয়া সার বোঝাই চারটি ট্রাক আটক করেছে ইলিশা পুলিশ ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি ফেরি থেকে ট্রাকগুলো আটক করা হয়।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বশির আলম জানান, ভোলার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) গুদাম থেকে ৪টি ট্রাকে করে ইউরিয়া সার কালো বাজারে বিক্রির জন্য একটি চক্র সার পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ইলিশা ফেরিঘাটে অভিযান চালায়। এ সময় লক্ষ্মীপুরগামী ‘বেগম রোকেয়া’ ও ‘কুসুম কলি’ নামের দুটি ফেরি থেকে ৪টি ট্রাক আটক করা হয়।

তিনি আরও জানান, প্রতিটি ট্রাকে ৩৪০ বস্তা করে মোট ১ হাজার ৩৬০ বস্তা ইউরিয়া সার ছিল। যার পরিমাণ প্রায় ৬৮ মেট্রিক টন। সার বোঝাই ট্রাকগুলো ফেরি থেকে নামিয়ে ইলিশা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। অভিযানের সময় ৩ জন ট্রাকচালক পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য মো. আরমান নামের এক চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আটক ট্রাকচালক মো. আরমান জানান, তারা ভোলার একটি গুদাম থেকে ৪টি ট্রাকে সার বোঝাই করেন। যে ব্যক্তি ট্রাক ভাড়া করেছেন তিনি ইলিশা ফেরিঘাটে আসতে বলেছিলেন। সেখান থেকে ট্রাকগুলো লক্ষ্মীপুর ঘাটে যাওয়ার কথা ছিল।

Ads