কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

কুমিল্লা প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জন হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে। ঈদের দিন শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকার এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেনের সঙ্গে পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়।

এ সময় ঠেলে বাসটিকে এক কিলোমিটার দূরে নিয়ে যায় যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেইটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা পর ট্রিপল নাইনে অনেকবার ফোন দিলেও কেউ রেসপন্স করেনি। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস বলেন, পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে সিগন্যাল না থাকার কারণে বাসটি রেললাইনে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক বলেন, আমরা এ পর্যন্ত হাসপাতালে ১২ জনের লাশ পেয়েছি। দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তবে অপর ১০জনের পরিচয় এখনো জানা যায়নি।

Ads