সৈয়দপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
সৈয়দপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক

নীলফামারী জেলার সৈয়দপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ খালেকুল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার ২৮ মার্চ রাতে শহরের ওয়াবদা মোড়ে ঢাকা থেকে পঞ্চগড় গামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মাদক সহ ওই যুবককে আটক করা হয়।

আটককৃত যুবক খালেকুলের বাবার নাম মোহাম্মদ আসলাম। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগি উপজেলার পলাশবাড়ী নয়া দলুয়া গ্রামে বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সোর্সের তথ্যের ভিত্তিতে পঞ্চগড়গামী ‘প্রিয়ম’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় খালেকুলকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। ওইসময় আটককৃত যুবকের একটি স্কুলব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপপরিদর্শক সাকিব সরকার বলেন, আটক খালেকুল এর আগে ও দেশের বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গত ২৮ মার্চ শনিবার ইয়াবার বড় চালান নিয়ে পঞ্চগড় যাচ্ছে বলে তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Ads