সৈয়দপুরে ড্রেনের পানি উপচে চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর রাস্তা অবরোধ

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
সৈয়দপুরে ড্রেনের পানি উপচে চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর রাস্তা অবরোধ

নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট কবরস্থান রোডে দীর্ঘদিনের ড্রেন সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেনের পানি সড়কে উপচে পড়ায় শুধু সাধারণ চলাচলই নয়, প্রতিদিনের জানাজা ও কবরস্থানে যাওয়া মুসল্লিদেরও পড়তে হচ্ছে মারাত্মক দুর্ভোগে। এ অবস্থার প্রতিবাদে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গোলাহাট এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাহাট কবরস্থান রোড সৈয়দপুর শহরের অন্যতম ব্যস্ততম একটি সড়ক। প্রতিদিন শতশত মানুষ এ পথ ব্যবহার করেন। বিশেষ করে প্রতি শুক্রবার হাজারো মুসল্লি কবর জিয়ারতের উদ্দেশ্যে এ সড়ক দিয়ে কবরস্থানে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় ড্রেনের পানি রাস্তায় উপচে পড়ে এলাকাকে জলাবদ্ধ করে রেখেছে। ফলে রাস্তায় চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে।

তাসলিম উদ্দিন (৭৫), সেহনাজ বেগম (৪৫), রাজিয়া সুলতানা (৫৬) সহ অন্যান্য বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তাটার গুরুত্ব কর্তৃপক্ষ বুঝতেই চায়না। প্রতিদিন কারো না কারো জানাজা এই রাস্তা দিয়ে কবরস্থানে যায়। কিন্তু ড্রেনের পানির ওপর দিয়ে জানাযা নিতে হয় এটা কতটা কষ্টকর, সেটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। এখন তো ড্রেনের পানি আর ময়লা পোকা-মাকড় আমাদের ঘরেও ঢুকে পড়ছে।

বিক্ষোভ চলাকালে নারী-পুরুষ-শিশুসহ শতাধিক মানুষ রাস্তায় বসে পড়েন। মাইক, চেয়ার ও টেবিল নিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এতে সড়কের দুইপাশে শতশত যানবাহন আটকা পড়ে এবং জনদুর্ভোগ আরও বাড়ে। তারা দ্রুত ড্রেনের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নতুন করে ড্রেন নির্মাণের দাবি জানান।

এ অবস্থায় সৈয়দপুর পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু এবং ২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পৌরকর্মকর্তা সুজন শাহ এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তারা দ্রুত ড্রেন নির্মাণ কাজ শুরু করে নিয়মিত পরিষ্কারের আশ্বাস দিলে প্রায় তিনঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে ড্রেন নির্মাণ কাজ শুরু না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন।

এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ওই ড্রেন নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই নির্মাণ কাজ শুরু করা হবে।

Ads