কালিয়াকৈরে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে সেই ওসি প্রত্যাহার

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
কালিয়াকৈরে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে সেই ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ ৮টি ঘোড়া বিক্রি নিয়ে তোলপাড় সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনা-সমালোচনা মুখে অবশেষে সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়।

এলাকাবাসী, উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে এলাকাবাসীর ৯টি ঘোড়া উদ্ধার করে ফুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ। পরে পুলিশ সে ঘোড়াগুলো কালিয়াকৈর থানা হেফাজতে রাখে। ওই থানা হেফাজতে রাখা অবস্থায় একটি অসুস্থ্য হয়ে একটি ঘোড়া মারাও যায়।

এরপর হঠাৎ করে গত রবিবার রাতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন অনেকটা গোপনে এক ব্যাক্তির কাছে ৮ টি ঘোড়া বিক্রি করে দেন। সোমবার সকালে থানায় ঘোড়া না দেখে স্থানীয় লোকজন এবং সংবাদকর্মীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এ নিয়ে সংবাদ প্রচার হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে থানা থেকে ঘোড়া উধাও নিয়ে পোস্ট করে। মুহুর্তের ঘোড়া বিক্রির খবর ভাইরাল হয়ে যায়।

এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে উপজেলা প্রশাসনের নির্দেশে সোমবার রাতে অন্য ৮টি ঘোড়া কালিয়াকৈর থানায় নিয়ে আসে পুলিশ। কিন্তু ঘোড়াগুলি ফেরত আনা হলেও দুইটি ঘোড়া ঘোড়ার রং জব্দ করা ঘোড়ার সঙ্গে অমিল দেখতে পাওয়া যায়। তারপরও ওইদিন দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করে উপজেলা প্রশাসন। কিন্তু জব্দ করা থানা হেফাজত থেকে ঘোড়া বিক্রি এবং পরবর্তী চাপে পরে ভিন্ন রংয়ের ঘোড়া উপজেলার প্রশাসনের কাছে হাজির করে নিলামে বিক্রি করা হয়।

সেই খবর ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘোড়াগুলো বিক্রি করা হয়নি, সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেগুলো থানায় ফিরিয়ে আনা হয় এবং নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, ঘোড়াগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আগের ঘটনাটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা নিরসনের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বৃহস্পতিবার বিকালে তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Ads