নন্দীগ্রামে পুলিশের অভিযানে ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ২

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
নন্দীগ্রামে পুলিশের অভিযানে ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সরকারি রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার কাউনিয়া উপজেলার সারাই পোদ্দারপাড়া গ্রামের শামীম হোসেন (৪৫) ও রংপুর সদরের কসাইতুলি এলাকার রাকিব হোসেন (৩০)। রবিবার (৫এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ২ হাজার ৩৮৬টি অবৈধ ও নকল বিশেষ রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়। এসময় স্ট্যাম্প পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ওসি তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ads