দেবীগঞ্জে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, বডিগার্ড আহত

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
দেবীগঞ্জে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, বডিগার্ড আহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন দেবীগঞ্জের নির্বাহী অফিসার (ইউএনও) সহ তার সঙ্গে থাকা দেহরক্ষী তৈবুল।

গতকাল শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাউলাগঞ্জে অবস্থিত মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টা থেকে ট্যাগ অফিসার, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে তেল সরবরাহ করা হচ্ছিল। পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি, বোদা উপজেলার বড়শশী, বগদুলঝুলা এবং দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ও চিলাহাটি ইউনিয়নের বাসিন্দারা এই পাম্প থেকে পেট্রোল, অকটেন সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকেরা ভিড় করেন। এতে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না অনেকের।

এতে বৈধ কাগজপত্র থাকা মোটরসাইকেল চালকরা তেল পাচ্ছিলেন না এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে না পেরে জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ ইউএনওকে খবর দেন। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক ঘটনাস্থলে যান। পরে তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স নেই এমন চালকদের স্থান ত্যাগ করার নির্দেশ দেন।

এ সময় দুইজন চালকের মোটরসাইকেলের নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদের প্রত্যেককে ৫ শত টাকা করে জরিমানা করেন। এরপরই লাইনে অপেক্ষমাণ ৩০-৪০ জন মোটরসাইকেল চালক হট্টগোল শুরু করেন। ধারণা করা হচ্ছে, তাদের কারোরই মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ছিল না। তারা ইউএনও ও আনসার সদস্যের ওপর অতর্কিত হামলা চালায়।

পরিস্থিতির অবনতি হলে ইউএনওকে এক বাড়িতে সরিয়ে নেওয়া হয়। এ সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে কিল-ঘুষি দিয়ে তার সঙ্গে থাকা অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে পুলিশ অভিযোগ করে।
খবর পেয়ে দেবীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউএনওর সিদ্ধান্ত অনুযায়ী তেল সরবরাহ বন্ধ ঘোষণা করেন ওসি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, এদিন উপজেলায় তিনটি পাম্পে তেল দেওয়ার কথা ছিল। এই পাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে সেখানে যাই। লাইনে থাকা কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের চলে যেতে বলায় এবং দুজনকে জরিমানা করায় শতাধিক লোক মিছিল নিয়ে এসে হামলা চালায় আমাদের ওপর। আমার বডিগার্ডের (আনসার সদস্য) অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছে তারা।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই পাম্পে তেল বিক্রি বন্ধ থাকবে। সে সময় দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যেহেতু বিষয়টি সরকারি কাজে বাধাদানের ঘটনা, সে কারণে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে জড়িতদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছি। একই সঙ্গে কারা এ ঘটনায় জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads