বাজার থেকে উধাও সোয়াবিন তেলের ৫ লিটারের বোতল

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
বাজার থেকে উধাও সোয়াবিন তেলের ৫ লিটারের বোতল

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখার ঘোষণা দেওয়া হলেও সৈয়দপুরের বাজারগুলোতে ৫ লিটারের সয়াবিন তেলের বোতলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত ৭ দিন থেকে অধিকাংশ দোকানে চড়া দামে ১/২ লিটারের বোতলজাত সয়াবিন তেল মিললেও ৫ লিটারের সয়াবিন তেলের বোতল একেবারেই মিলছে না। সরবরাহ সংকটের কথা বলে দোকানীরা খোলা সয়াবিন তেলের দাম হাঁকাচ্ছেন এক কেজি ২১০ টাকা।

রবিবার ( ২৬ এপ্রিল) সৈয়দপুর শহরের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ভোজ্যতেলের তাকে ৫ লিটার বোতলজাত তেলের দেখা নেই। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, গত ১২ এপ্রিলের পর থেকেই ডিলাররা তেল সরবরাহ প্রায় বন্ধই করে দিয়েছেন। কোনো কোনো দোকানে দুই-এক লিটারের সীমিত বোতল থাকলেও পাঁচ লিটারের বোতল বাজার থেকে পুরোপুরি ‘উধাও’ হয়ে গেছে।

রেল বাজারের খুচরা বিক্রেতা আসলাম হোসেন জানান, কোম্পানির লোক ২/৪ দিন ধরে আসছে না। অনেকে বলছেন, দাম না বাড়লে তারা তেল ছাড়বে না। এই কৃত্রিম সংকটের কারণে পাইকারি বাজারে খোলা তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের বাড়তি দরেই তা কিনতে হচ্ছে।

শহরের দারুলউলুম মাদরাসা মোড় এলাকার ব্যবসায়ী জব্বার আলী জানান, তার কাছে থাকা শেষ কয়েক বোতল তেল তিনি ২০০ টাকা লিটার হিসেবে বিক্রি করছেন। তবে ৫ লিটারের সয়াবিন তেলের বোতল বেশ কিছু দিন থেকে পাচ্ছেন না বলে বিক্রি ও করতে পাছেন না। তবে এর পাশেই বক্কর আলী নামের এক মুদি দোকানি ২ লিটারের সয়াবিন তেলের বোতল ২১০/২০ টাকা ও ৫ লিটারের সয়াবিন তেলের বোতল ১৩ শত টাকায় বিক্রি করছেন।

বাজারে তেলের হাহাকারে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ অনেক ক্রেতা। দারুলউলুম মাদরাসা মোড়ে তেল কিনতে আসা মোজাম্মেল হক বলেন, জানতে পেরেছি দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। তেলের দাম বাড়বে না। কিন্তু বাজারে দেখি ৫ লিটারের বোতলজাত তেল নেই। দারুলউলুম মাদরাসা মোড়ে বক্কর আলী যখন ৫ লিটারের সয়াবিন তেলের বোতল ১৩ শত টাকা চাইলো তখন বাধ্য হয়ে জব্বার হোসেনের দোকান থেকে ২১০ টাকায় এক কেজির একটি সয়াবিন তেলের বোতল কিনতে হয়েছে।

শহরের আরেক ক্রেতা আরমান হোসেন অভিযোগ করেন, অসাধু ব্যবসায়ীরা যোগসাজশ করে তেলের সংকট সৃষ্টি করেছে। সরকারের উচিত বাজার মনিটরিং করে কঠোর পদক্ষেপ নেয়া। সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং না করার ফলে দোকানীরা একেকজন একেক রকম দাম চাইছেন। তিনি বলেন, সৈয়দপুরে যে ক’জন ডিলার আছেন, তারা প্রায় প্রত্যেকেই তাদের গোডাউনে ৫ লিটারের সয়াবিন তেল মজুত করে রেখেছেন। তদন্ত করলেই থলের বিড়াল বেড়িয়ে পরবে বলে জানান তিনি।

বাজারে ৫ লিটার সয়াবিন তেলের বোতল উধাও নিয়ে কথা বলতে গেল সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ্ ফাতিহা তাকলিমা সাংবাদিকের প্রশ্নের কোন উত্তর দেন নি।

Ads