নিজের বিরুদ্ধে কটুক্তিকারী ছাত্রের জামিনে সহায়তা করলেন প্রতিমন্ত্রী আজাদ

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
নিজের বিরুদ্ধে কটুক্তিকারী ছাত্রের জামিনে সহায়তা করলেন প্রতিমন্ত্রী আজাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া এক কলেজছাত্রকে ক্ষমা করে দিয়ে জামিনের ব্যবস্থা করে অনন্য নজির স্থাপন করেছেন পঞ্চগড় -২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।

গতকাল রবিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে অভিযুক্ত নিশাদ ইসলামের জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
এর আগে সকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে কথা বলে জামিনের আবেদন করতে নির্দেশ দেন বলে জানা গেছে।

জামিন পাওয়ার পর নিশাদের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তার বাবা আশরাফুল ইসলাম প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।আটকঅভিযুক্ত কলেজছাত্র নিশাদ ইসলাম (১৬) দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা। সে উপজেলার সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ এপ্রিল) প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে নিশাদের বিরুদ্ধে। এ ঘটনায় দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। একই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

বিষয়টি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নজরে আসলে নিজের বিরুদ্ধে করা কটুক্তির বিষয়ে ক্ষমা করে ছাত্রের পাশে দাঁড়িয়েছেন তিনি। অভিযুক্ত ছেলেটির ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিমন্ত্রী বলেন, ছেলেটি আমার সন্তানের বয়সী। ভুল হতেই পারে, হয়তো সে- না বুঝে বা কারও প্ররোচনায় এমন পোষ্ট করেছে। তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশে প্রতিহিংসা নয়, ভালোবাসা ও আইনি লড়াই-এর অংশ হিসেবে এই দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে।

এই পদক্ষেপটি রাজনৈতিক প্রতিহিংসার বদলে ক্ষমা ও উদারতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

Ads