ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার, অপমানজনক মন্তব্য, মানহানিকর ভিডিও প্রচার এবং হয়রানির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় সৈয়দপুর শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের প্রেসক্লাব চত্তরে মডেল ফারিয়ার উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সৈয়দপুর মডেল ফারিয়ার সভাপতি মেহের আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজওয়ানুল হকের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজে কয়েকজন প্রতিনিধিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন ও পুলিশ প্রশাসনের যোগসাজশে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার ও হয়রানির ঘটনা পুরো পেশাজীবী সমাজকে ক্ষুব্ধ করেছে।

তারা বলেন, ওষুধ প্রতিনিধিরা চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ। তাদের পেশাগত মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে সকল অপপ্রচার ও হয়রানি বন্ধ, কর্মসংস্থানের নিরাপত্তা এবং সামাজিক স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ওবায়দুর রহমান, সোহেল রানা, শাফী মিয়া, মমিনুল ইসলাম, শাওন ইসলাম ও সাব্বির আহমেদ সাকিলসহ অন্যান্যরা।

কর্মসূচি থেকে মানহানিকর বক্তব্য প্রত্যাহার, বিভ্রান্তিকর ভিডিও অপসারণ, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে কোনো ফার্মাসিউটিক্যালস প্রতিনিধি বা কর্মকর্তাকে হয়রানি না করার দাবি জানানো হয়।

একই দাবিতে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরাম, নীলফামারীর উদ্যোগেও পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে।

Ads