জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে লড়ছে বাংলাদেশ, জয়ী হলে বাড়বে ভাবমূর্তি

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে লড়ছে বাংলাদেশ, জয়ী হলে বাড়বে ভাবমূর্তি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চার দশক পর সভাপতি পদে লড়ছে বাংলাদেশ। এ পদে বিজয়ী হলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, তবে বাড়তি কোনো সুবিধা মিলবে না, বলছেন বিশ্লেষকরা।

প্রায় চার দশক আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে বাংলাদেশের কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী একমাত্র বাংলাদেশি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। এর ৪০ বছর পর আবারো ৮১ তম জাতিসংঘ সাধারণ পরিষদ নির্বাচনে বাংলাদেশ।সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের জন্য নির্ধারিত। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও সাইপ্রাস।

বাংলাদেশের পক্ষে লড়ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার বিজয় হলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে উজ্জ্বল হলেও দেশ খুব বেশি সুবিধা পাবে বলে মনে করেন না সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান।তিনি বলেন, ‘কোনো পুরস্কার তো এজন্য দেওয়া হবে না, সেজন্য সেইভাবে লাভের বিবেচনাটা হয় না।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যে দায়িত্বটুকু পালন করতে যাবেন, যেখানেই যাবেন–সেটা নেগোসিয়েশন বা রিপ্রেজেন্টেশন হোক; সেখানেই তিনি অতিরিক্ত একটা সমীহ আদায় করবেন। যেটা বাংলাদেশ বেনিফিট পাবে।

আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ কক্ষে আনুষ্ঠানিক এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী জয়ী হলে দেশের গুরুত্ব বাড়বে বলে মনে করেন ইউনিভার্সিটি অফ কেন্টাকির আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নির্ঝর সাকিব।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাপকভাবে সারা দুনিয়ার কাছে পরিচিতি পাবে, লাইফটাইটে আসবে। ড. খলিলুর রহমান অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করবেন বলে আশা করা যায়। এর ফলে অনেক দেশের বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হওয়ার একটা সম্ভাবনা আছে। এ আগ্রহটাকে কীভাবে ব্যবসায়িক–বিনিয়ো–বাণিজ্যে কাজে লাগাতে পারি সেটাই দেখার বিষয়।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

Ads