যশোরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সভা

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
যশোরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সভা

মাদকের অভয়ারণ্য উচ্ছেদ এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার যশোরে সদর উপজেলার ধর্মতলা গাজীপাড়ায় এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে ধর্মতলা ও খোলাডাঙ্গার গাজীপাড়া এলাকাটি মাদকের একটি বড় ‘হটস্পট’ হিসেবে পরিচিত। স্থানীয় প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই স্পট এবং এর সাথে জড়িতদের বিষয়ে অবগত থাকলেও মূল হোতারা বরাবরই পার পেয়ে যাচ্ছে।প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন যশোরে আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদ খান।

তিনি বলেন, এই এলাকাটি দীর্ঘ দিন ধরে মাদকের অভয়ারণ্য। প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই স্পট এবং মাদক বিক্রেতাদের সম্পর্কে সব জানে।

মাঝেমধ্যে এখানে রেইড (অভিযান) হলেও চিহ্নিত মাদক ব্যবসায়ীরা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।

তিনি আরও বলেন, বাইরে থেকে আসা মাদকসেবীদের উৎপাতে স্থানীয় নারীরা প্রতিনিয়ত বিব্রতকর ও নিরাপত্তাহীন পরিস্থিতিতে পড়ছেন।

মাদকের এই দূষিত পরিবেশের কারণে এলাকার শিশু-কিশোর ও শিক্ষিত তরুণরা বিপথগামী হচ্ছে এবং অতিষ্ঠ হয়ে অনেক পরিবার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আগামী প্রজন্মের ভবিষ্যতের স্বার্থে এই পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।মানববন্ধনে সংহতি প্রকাশ করে ৯ নম্বর আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়াসহ অন্যান্যরা।

Ads