উলিপুরে লুটপাটের মামলায় ইউপি চেয়ারম্যান এরশাদ গ্রেফতার

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
উলিপুরে লুটপাটের মামলায় ইউপি চেয়ারম্যান এরশাদ গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের মামলায় ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেফতার করেছে থানা পুলিশ|

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ধরনী বাড়ি ইউনয়নের একটি চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে|

উল্লেখ্য যে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকার আলশিয়া শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (৬৮) এর সাথে ছোট ভাই আব্দুর রহমান (৫৫) এর দীর্ঘদিন থেকে পারিবারিক বিষয়ে বিরোধ চলে আসছিল|

গত শনিবার (৩০ মে) দিনে-দুপুরে ইউপি চেয়ারম্যান এরশাদুল হকের নেতৃত্বে বেশ কিছু লোকজন আবু বক্কর সিদ্দিকের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালায়| এ ঘটনায় ১ জুন জিনিউজসহ বিভিন্ন পত্রিকায় উলিপুরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারীসহ আহত-৩ শিরোনামে খবর প্রকাশিত হয়| এ দিনই উলিপুর থানায় একটি মামলা রজু হয়| মামলা নং ৪, তারিখঃ ০১-০৬-২৬ ইং| ওই মামলায় সোর্সের তথ্যানুযায়ী চেয়ারম্যানকে আটক করে পুলিশ|

মামলার এজাহারে জানা যায়, চেয়ারম্যান এরশাদুল হকের নেতৃত্বে ঐদিন বাদির বাড়ি থেকে প্রায় ২ শত মন ধানসহ অন্যান্য জিনিষপত্র লুট হয়ে যায়| যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা| চেয়ারম্যান এরশাদুল হককে গভীররাতে আটকের বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, আটক এরশাদ চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়েছে| অন্যান্য আসামীদের আটকের চেষ্টা চলছে|

Ads