মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চলো সবাই খেলতে চলো এ শ্লোগান নিয়ে শ্রীপুর উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাগুরার পুলিশ সুপার ও শ্রীপুর উপজেলা বাসী এ ফুটবল ম্যাচের আয়োজন করে। খুলনার অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।

এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ও শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম থান্দার খায়রুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নিশাত আল নাহিয়ান প্রমুখ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আমতৈল স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্প্রীতির এ ফুটবল ম্যাচে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ মুখোমুখি হয় শ্রীপুর ফুটবল একাদশের। খেলার শুরুতেই উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। সম্প্রীতির এই ফুটবল ম্যাচে প্রচুর দর্শক সমাগম ঘটে। বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকর প্রদ্যুত কুমার রায় খেলায় চমৎকার ধারাবিবরণী প্রকাশ করেন।

অতিরিক্ত ডিআইজি বলেন, মাদক প্রতিরোধ, গ্রামের মানুষের মাঝে সম্প্রীতি বন্ধন, গ্রাম্য দাঙ্গা হাঙ্গামা রোধ,সামাজিক সম্প্রীতি অটুট রাখতে এ সম্প্রীতির ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে। যেকোন সামাজিক সমস্যা রোধ কল্পে পুলিশ সব সময় মানুষের মাঝে কাজ করছে । খেলা পরিচালনা করেন সাদ্দাম হোসেন গোকী।

Ads