রৌমারী সীমান্তে ৯ ভারতীয়কে পুশইনের চেষ্টা-বিজিবি’র বাধা

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি(কুড়িগ্রাম) ঃ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
রৌমারী সীমান্তে ৯ ভারতীয়কে পুশইনের চেষ্টা-বিজিবি’র বাধা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৯ ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন নিরসন হয়নি। তাই পুশইনের শিকার নাগরিকরা বর্তমানে সীমান্তের নো-ম্যানসল্যান্ডে মানবেতর দিন কাটাচ্ছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানা যায়, রবিবার (১৪ জুন) ভোরেরাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক ১০৬০ নং মেইন পিলারের সন্নিকট দিয়ে ভারতের ঝালোড়চর ক্যাম্পের বিএসএফ সদস্যরা অবৈধভাবে ১ জন নারী, ৩ জন পুরুষ ও ২ জন শিশুসহ মোট ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির বাধায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। সংবাদ পেয়ে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সীমান্তে শক্ত অবস্থান নেয়। অপরদিকে, উপজেলার ভুন্দুরচর সীমান্তে ১০৬৫ নং পিলারের দক্ষিণ পাশ দিয়ে আরও ৩ জন নাগরিককে পুশইন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার সকাল ১১টার দিকে দ’ুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামালপুর ৩৫ বিজিবি অধীনস্থ দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন।

অপরদিকে, ভারতীয় ১৮৩ ব্যাটালিয়নের বিএসএফের ঝালোরচর ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর প্রদীপ কুমার। দীর্ঘ সময় ধরে আলোচনার পরও পুশইন করা নাগরিকদের বিষয়ে কোন নিরসন হয়নি। বিজিবি-বিএসএফের অনড় অবস্থানের কারণে ওই নাগরিকরা বর্তমানে সীমান্তের নো-ম্যানস ল্যান্ড এ অবস্থান করছেন। শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোনা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধীনস্থ গয়টাপাড়া বিওপির সুবেদার মো. শফিকুল ইসলাম বলেন, ভোররাতে ভারতের ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা অবৈধভাবে পুশইনের চেষ্টা করে। তবে তারা এখন পর্যন্ত ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

 

Ads