মাগুরায় চাচা-ভাতিজার সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে বৃদ্ধের মৃত্যু

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
মাগুরায় চাচা-ভাতিজার সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে বৃদ্ধের মৃত্যু

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর গ্রামে চাচা-ভাতিজার সংঘর্ষের সময় ছোড়া ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শ্রীরামপুর উত্তরপাড়ার সাখাওয়াত ও হাসানের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা দেখতে গেলে হঠাৎ একটি ইট এসে আরব আলীর মাথায় পড়ে । এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিন্স মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশেই চাচা ও ভাতিজার মধ্যে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি দেখতে গেলে তাদের ছোড়া ইটের আঘাতে আরব আলী আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে যান এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

 

Ads