ডিমলায় ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে গণঅভিযোগের

আবু মোতালেব হোসেন, প্রতিনিধি (নীলফামারী) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
ডিমলায় ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে গণঅভিযোগের

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।

অভিযোগ সূত্রে জানা যায়, ডিমলা সদর ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকেই মো. আসাদুজ্জামাম আসাদ নামজারি (নাম খারিজ), খাজনা আদায়সহ বিভিন্ন সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নাম খারিজের জন্য প্রতি নাম খারিজ মামলায় ৪ থেকে ৫ হাজার টাকা এবং জমির খাজনা পরিশোধের ক্ষেত্রেও সরকারি নির্ধারিত ফি’র কয়েকগুণ বেশি অর্থ দাবি করা হয়। অনেক ক্ষেত্রে অতিরিক্ত অর্থ গ্রহণের পরও অল্প টাকার সরকারি রশিদ প্রদান করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারী মহুবার রহমান, আ. মাজেদ ও এহসানুল হক জানান, ভূমি অফিসে সেবা নিতে গেলে ভূমি সহকারী কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেন এবং অতিরিক্ত অর্থ ছাড়া কোনো কাজ করতে চান না।

কুমারপাড়া গ্রামের বাসিন্দা ফারুক হোসেন লাভলু অভিযোগ করেন, গত ৯ জুন জমি রেজিস্ট্রির জন্য খাজনা পরিশোধ করতে ডিমলা সদর ইউনিয়ন ভূমি অফিসে গেলে তার কাছে খাজনার চেয়ে ৫ থেকে ৬ গুণ বেশি অর্থ দাবি করা হয়। অনেক অনুন্নয় বিনয় করার পরে তার কাছ থেকে ৩ হাজার ৬০০ টাকা গ্রহণ করা হলেও ২ হাজার ৬০০ টাকার খাজনার রশিদ দেওয়া হয়।

ভুক্তভোগী ভূমি মালিকদের অভিযোগ, দালাল ছাড়া এ অফিসে কোনো কাজ করা যায় না। তারা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে গণঅভিযোগ দাখিলের পর গত বৃহস্পতিবার (১৮ জুন) অভিযোগকারীদের বক্তব্য শুনেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। তদন্তকালে তিনি বলেন, অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। পরবর্তীতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, ডিমলা সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত গণঅভিযোগের তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুস্পষ্ট কোন বক্তব্য দিতে অস্বীকার করেন।

Ads