সৈয়দপুরে বিনামূল্যে ৮০০ চক্ষু রোগীর সেবা প্রদান

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
সৈয়দপুরে বিনামূল্যে ৮০০ চক্ষু রোগীর সেবা প্রদান

নীলফামারীর সৈয়দপুরে ৮০০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ২০ জুন শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় ওইসব চক্ষু রোগীদের সেবা দেয়া হয়।

দিনব্যাপী ওই কর্মসূচীতে শতাধিক ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এছাড়া সাতশো রোগীদের চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তাররা এবং বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

সকাল সারে ১০ টায় ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি হাজী মো. তাসলিম আশরাফী। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার সাহিন, সিনিয়র সহ- সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, পারভেজ আলম গুড্ডু আশরাফী, নাদিম আশরাফী, খালিদ আযম আশরাফি, আসিফ আশরাফী, ইরফান আশরাফী, সৈয়দ আব্দুল্লাহ পাপ্পু বাখশি, তৌসিফ রেজা আশরাফি প্রমুখ। গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. রায়হান কবির নেতৃত্বে ৭ জন চিকিৎসক চক্ষু শিবিরে রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা নিতে আসা আয়েশা সিদ্দিকি নামের এক রোগী জানান, অর্থাভাব ও যাতায়াত সমস্যার কারণে দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে পারছিলাম না। ১৯ জুন রাতে শুনতে পেরে বিনা মুল্যের এই চক্ষু সেবা ক্যাম্পে চলে এসেছি চিকিৎসা করাতে। তিনি বলেন, ডাক্তাররা তাঁর চোখ দেখে বিনা মুল্যে ঔষধ ও চশমা দিয়েছেন।

সংগঠনটির সভাপতি তসলিম আশরাফী জানান, দরিদ্র ও প্রবীণ রোগীদের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। প্রতিবছরই তাঁরা বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিবেন বলে জানান তিনি।

Ads