ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১১৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। এ ঘটনায় প্রত্নবস্তু চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ৩০ জুন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মো. হাসান আহাম্মদের বসতবাড়ির গোয়ালঘর থেকে কষ্টি পাথরের তৈরি বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ১১৫ কেজি। এর মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা।

এ ঘটনায় কিসমত ভৈষা গ্রামের মো. হাসান আহাম্মদ (২৬) ও নন্দগাঁও (মুন্সিপাড়া) এলাকার মো. নাজমুল (৬৪)-কে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিসহ জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Ads