সুন্দরগঞ্জে স্বল্প ব্যয়ে হাঁপানি চিকিৎসা, উপকৃত হচ্ছেন এলাকার  সাধারণ মানুষ

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ প্রতিনিধি(গাইবান্ধা)ঃ
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে স্বল্প ব্যয়ে হাঁপানি চিকিৎসা, উপকৃত হচ্ছেন এলাকার  সাধারণ মানুষ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বল্প খরচে হাঁপানি রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করে প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ এ্যাজমা ফাউন্ডেশন। উপজেলার বিভিন্ন স্থানে নির্ধারিত দিনে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগী দেখা, স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে।

শনিবার (৪ জুলাই) উপজেলার বেলকা এ্যাজমা সেন্টারে গিয়ে দেখা যায়, সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে আসা হাঁপানি রোগীদের ভিড়। নিবন্ধন শেষে পর্যায়ক্রমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে।

বাংলাদেশ এ্যাজমা ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে বার্ষিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। নতুন রোগীর চিকিৎসক ফি ১০০ টাকা এবং পুরাতন রোগীর চিকিৎসক ফি ৫০ টাকা।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রতি শনিবার ও মঙ্গলবার বেলকা এ্যাজমা সেন্টারে, রবিবার ও বুধবার পাঁচপীর বাজারে এবং সোমবার ও বৃহস্পতিবার বামনডাঙ্গার পল্লীবন্ধু হাসপাতালে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এখানে হাঁপানি রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. মো. শাহরিয়া রোকন (এমবিবিএস, সিডিএমপিসি-ভারত, সিসিডি-বারডেম)।

উপজেলার দহবন্দ ইউনিয়নের রোগী জয়নাল আবেদীন (৭০) বলেন, “দীর্ঘদিন ধরে হাঁপানির সমস্যায় ভুগছি। আগে চিকিৎসার জন্য দূরে যেতে হতো। এখন উপজেলার মধ্যেই স্বল্প খরচে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছি। এতে আমাদের মতো সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে।

আরেক রোগী আয়শা বেগম (৬৫) বলেন, “আমি নিয়মিত এখানে চিকিৎসা নিচ্ছি। আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছি। অল্প খরচে ভালো চিকিৎসাসেবা পাওয়ায় আমরা খুবই সন্তুষ্ট।”

চিকিৎসক ডা. মো. শাহরিয়া রোকন বলেন, “বাংলাদেশ এ্যাজমা ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের হাঁপানি রোগীদের দোরগোড়ায় স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। নিয়মিত চিকিৎসা ও ফলোআপের মাধ্যমে অনেক রোগী সুস্থ জীবনযাপন করতে পারছেন। হাঁপানি নিয়ন্ত্রণে রাখতে রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, নিয়মিত ফলোআপ এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ এ্যাজমা ফাউন্ডেশনের সুন্দরগঞ্জ শাখার ব্যবস্থাপক হুমাইয়া নাসরিন আক্তার বিথী বলেন, “স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Ads