কালিয়াকৈরে দিনেই হোটেলে ডাকাতির চেষ্টা, দেশীয় অস্ত্রসহ এক ডাকাত আটক

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
কালিয়াকৈরে দিনেই হোটেলে ডাকাতির চেষ্টা, দেশীয় অস্ত্রসহ এক ডাকাত আটক

গাজীপুরের কালিয়াকৈরে দিনেই এক হোটেলে ডাকাতির চেষ্টাকালে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় জমিদার হোটেল রয়েছে। মঙ্গলবার সকাল সকাল সাড়ে ৬টার দিকে ৫টি মোটরসাইকেল যোগে ৮/১০ জনের একদল ডাকাত ওই হোটেলে হানা দেয়। এসময় ডাকাত সদস্যরা ওই হোটেলে লুটপাটের চেষ্টা করে। সেখানে ডাকাতির চেষ্টাকালে ওই হোটেলের লোকজন ডাক-চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে আসে।

এসময় ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়া চেষ্টা করলেও সামিউল হোসেন সৌরভ (৩০) নামে একজনকে আটক করে এলাকাবাসী। পরে এলাকাবাসী ওই ডাকাতদলের সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলের সদস্য সৌরভকে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

 

Ads