কুষ্টিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে সিগারেটের আগুনে মুখ ঝলসালো বখাটে

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে সিগারেটের আগুনে মুখ ঝলসালো বখাটে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সাত বছরের এক শিশুকে গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা এবং ব্যর্থ হয়ে সিগারেটের আগুন দিয়ে মুখ ঝলসে দেওয়ার এক নৃশংস ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত বখাটে ইয়াসিনকে (১৯) আটক করে গাছে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রাইভেট পড়া শেষে দুই বোন হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কয়া ইউনিয়নের দক্ষিণপাড়ার মিজানুর রহমানের ছেলে ইয়াসিন তাদের পথরোধ করে। সে সময় বড় বোনকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় ইয়াসিন। এরপর ছোট বোন জামেলার (৭) গলায় দেশীয় ছুরি ধরে জোরপূর্বক পাশ্ববর্তী জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

শিশুটির চিৎকারে তার চাচাতো বোনসহ আশেপাশের মানুষজন ছুটে এলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটে ইয়াসিন। সে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে শিশুটির গাল ও মুখে জ্বলন্ত সিগারেট চেপে ধরে মারাত্মকভাবে পুড়িয়ে দেয়। পরবর্তীতে স্থানীয়দের ধাওয়ায় অভিযুক্ত দ্রুত স্থান ত্যাগ করে।

এ ঘটনার জের ধরে বুধবার (২২ জুলাই) সকালে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইয়াসিনকে খুঁজে বের করে আটক করে এবং একটি গাছে বেঁধে রাখে। খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন সন্ধ্যায় জানান, শিশুটির ওপর পাশবিক নির্যাতন ও হামলার ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং গ্রেফতারকৃত অভিযুক্তকে আদালতের মাধ্যমে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

Ads