৩০ জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
৩০ জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ

দীর্ঘদিনের অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী ৩০ জুলাই থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগসহ পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে কুষ্টিয়াসহ আশপাশের কয়েক জেলার মানুষ নিজ এলাকাতেই উন্নত ও জরুরি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।

তিনি বলেন, সেনা ক্যাম্প প্রত্যাহারের ফলে হাসপাতালের পুরো অবকাঠামো এখন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে এসেছে। আগামী ৩০ জুলাই জরুরি বিভাগ চালুর মাধ্যমে হাসপাতালের কার্যক্রম নতুন মাত্রা পাবে। পরবর্তী এক থেকে দুই মাসের মধ্যে হাসপাতালের ১৫টি অপারেশন থিয়েটার (ওটি) চালু করে ইনডোর ও আউটডোর সেবার পরিধি আরও বাড়ানো হবে।

অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ অটোমেশন ও ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হবে। সরকারি ফি আত্মসাৎ বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে রোগী ভাগিয়ে নেওয়া দালালচক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, কুষ্টিয়াকে খুলনা বিভাগের অন্যতম প্রধান ‘হেলথ হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কঠোর নজরদারির কারণে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মাসিক রাজস্ব আয় ৮ থেকে ১০ লাখ টাকায় উন্নীত হয়েছে। শতভাগ অটোমেশন ও ডিজিটাল বিলিং চালু হলে এ আয় মাসে ৩০ লাখ টাকারও বেশি হবে বলে আশা করা হচ্ছে।

দেশব্যাপী চিকিৎসক সংকট মোকাবিলায় সরকার ৫ হাজার এমবিবিএস চিকিৎসক, ৩০০ জন ডেন্টাল সার্জন এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রাথমিক ও গ্রামীণ পর্যায়ের রোগীদের চিকিৎসাসেবা পর্যবেক্ষণের জন্য শিগগিরই ডিজিটাল হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আকুল উদ্দিন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ. এম. আনোয়ারুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুষ্টিয়া জেলা শাখার নেতা ডা. নাসিমুল বারী বাপ্পীসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিনের প্রত্যাশিত এই উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবার মান, প্রয়োজনীয় জনবল এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Ads