কুষ্টিয়ায় প্রবাসী ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় প্রবাসী ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাবিবুল্লাহ (৩৮) নামে এক প্রবাসী ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পান্টি বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুল্লাহ উপজেলার গোলাবাড়ি এলাকার হামিদ মুসল্লির ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে পান্টি বাজারে স্টিল ফার্নিচারের ব্যবসা শুরু করেন। পাশাপাশি তিনি জনশক্তি (আদম) ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাবিবুল্লাহর স্টিল ফার্নিচারের দোকানে ডাবের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার অর্ধগলিত মরদেহ ঝুলতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, হাবিবুল্লাহ গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তবে এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন সচল ছিল। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক। স্থানীয়দের দাবি, জনশক্তি (আদম) ব্যবসা সংক্রান্ত একাধিক মামলারও আসামি ছিলেন তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “সকালে পান্টি বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাবিবুল্লাহ নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Ads