ভোলায় বৃক্ষমেলায় ৩০ বছরের ‘বনসাই’ গাছ ঘিরে দর্শনার্থীদের কৌতূহল, দাম দেড় লাখ টাকা !

শরিফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
ভোলায় বৃক্ষমেলায় ৩০ বছরের ‘বনসাই’ গাছ ঘিরে দর্শনার্থীদের কৌতূহল, দাম দেড় লাখ টাকা !

একটি গাছের দাম দেড় লাখ টাকা! শুনে অবাক হচ্ছেন ? ভোলায় বৃক্ষমেলায় ৩০ বছরের একটি বনসাই গাছকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কেউ বলছেন, দাম যথার্থ। আবার কেউ প্রশ্ন তুলছেন, শুধু সৌন্দর্য বর্ধনের গাছের দাম এত বেশি কীভাবে ? ‘বৃক্ষরোপণে সাজাব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। মেলায় দেশি-বিদেশি নানা প্রজাতির গাছের পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে প্রায় ৩০ বছর বয়সী একটি বনসাই।

গাছটির মালিক ভোলা সদর উপজেলার বেপারী বাজার এলাকার আহসান নার্সারির স্বত্বাধিকারী আহসানুল্লাহ। তিনি জানান, দীর্ঘ ৩০ বছরের পরিচর্যায় গড়ে ওঠা এই বনসাইটি মূলত সৌন্দর্য বর্ধনের জন্য। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। তবে গাছটির দাম নিয়ে মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, সাধারণত বনসাইয়ের দাম ৫ থেকে ৭ হাজার টাকার মধ্যেই হয়ে থাকে। তাই একটি বনসাইয়ের দাম দেড় লাখ টাকা কীভাবে হতে পারে, তা নিয়ে তাদের কৌতূহল ও প্রশ্ন রয়েছে।

মেলায় আসা অনেক দর্শনার্থীর দাবি, বনসাই গাছটির কোনো ফলন বা অর্থনৈতিক ব্যবহার নেই; এটি মূলত শৌখিনভাবে বাসা, অফিস বা বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্যই ব্যবহৃত হয়। তাদের ভাষ্য, শুধু সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহৃত একটি গাছের দাম দেড় লাখ টাকা হওয়াটা তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। অনেকেই বলেন, টাকার সঙ্গে এই গাছের মূল্যের কোনো মিল খুঁজে পাচ্ছি না।

এ বিষয়ে আহসানুল্লাহ বলেন, সাধারণ বনসাই আর ৩০ বছর ধরে বিশেষ পরিচর্যায় গড়ে তোলা পরিণত বনসাই এক নয়। দীর্ঘ সময়ের যত্ন, শৈল্পিক আকৃতি এবং বিরলতার কারণেই গাছটির মূল্য বেশি নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে কয়েকজন ক্রেতা ১ লাখ টাকা পর্যন্ত দাম প্রস্তাব করেছেন। মেলায় গাছটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ দাম শুনে বিস্মিত হচ্ছেন, আবার কেউ বনসাইটির শৈল্পিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন। উল্লেখ্য, ভোলায় গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

Ads