আদালতে মামলা পরিচালনার সময় মৃত্যু চাঁদপুর বারের সাবেক সভাপতি রুহুল আমিনের

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
আদালতে মামলা পরিচালনার সময় মৃত্যু চাঁদপুর বারের সাবেক সভাপতি রুহুল আমিনের

আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ২ বারের সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন-১।

বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি প্রায় ৫৪ বছর চাঁদপুর জেলা বারে আইন পেশায় যুক্ত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার চাঁদপুরের হাইমচর সিভিল জজ আদালতে সিভিল মামলা শুনানীকালে তিনি হেলে পড়ে যান।অসুস্থ হওয়ার সাথে সাথেই তাকে আইনজীবীরা ও অফিস সহায়করা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা রুহুল আমিন পেশাগত কারণে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করতেন।

রাজনীতিতেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন তিনি। অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

মরহুমের একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তাঁর দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্চুয়ারিতে রাখা হবে। ছেলে দেশে ফেরার পর জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

রুহুল আমিনের মৃত্যুতে চাঁদপুরের আইন অঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় সুধীজন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আদালতে উপস্থিত আইনজীবীরা জানান, তিনি সুস্থভাবে এসেছিলেন এবং দেওয়ানীবএকটি মামলার সাক্ষী হিসেবে তিনি জেরা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন।

আইনজীবী রুহুল আমিন -১ দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সহিত চাঁদপুরে আইন পেশার সাথে জড়িত ছিলেন। তার মেয়ে এবং মেয়ের জামাতা সহ তার অনেক আত্মীয়-স্বজনই আইন পেশার সাথে জড়িত রয়েছেন।

Ads