নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার ক্লিনিক ও দুই ব্যক্তিকে ৮১ হাজার টাকা জরিমানা

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার ক্লিনিক ও দুই ব্যক্তিকে ৮১ হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে সার্বক্ষণিক চিকিৎসক না থাকা, ওটি ও ডেলিভারি রুমে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা, লাইসেন্স নবায়ন না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ক্লিনিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা প্রদান, স্যালাইন ও ইনজেকশন পুশ করা, স্টোমাক ওয়াশ ও ড্রেসিং করাসহ বিভিন্ন অপরাধে দুই ব্যক্তিকে আরও ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড সংলগ্ন হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ফাতেমা ক্লিনিক, সেবা হসপিটাল এবং নন্দীগ্রাম ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে সার্বক্ষণিক চিকিৎসক না থাকা, ওটি ও ডেলিভারি রুমে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা, লাইসেন্স নবায়ন না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগ রয়েছে।

এ সময় উল্লিখিত অভিযোগে সেবা হসপিটালে ৩০ হাজার টাকা, ফাতেমা ক্লিনিকে ১০ হাজার টাকা, হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা ও ইসলামিয় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান, স্যালাইন ও ইনজেকশন পুশ করা, স্টোমাক ওয়াশ ও ড্রেসিং করাসহ বিভিন্ন অপরাধে আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা ও আব্দুর রশিদকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন। এ সময় নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মনীতি না মেনে চিকিৎসাসেবা প্রদান এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার মতো অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ads