কালিয়াকৈরে সরকারী হাসপাতালে অভিযান, দুই দালালকে কারাদন্ড

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
কালিয়াকৈরে সরকারী হাসপাতালে অভিযান, দুই দালালকে কারাদন্ড

গাজীপুরের কালিয়াকৈরে দালাল মুক্ত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নামে সরকারী হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়েছে। সোমবার সকালে এ অভিযান চালিয়ে দালালচক্রের দুই সদস্যকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন- কালিয়াকৈর উপজেলার গজারিয়া কাঞ্চানপুর এলাকার দিলবর দেওয়ানের ছেলে ইব্রাহিম দেওয়ান ও একই উপজেলার টানকালিয়াকৈর এলাকার আব্দুর বারেকের ছেলে ছাহিবুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের দালাল চক্রের সদস্যরা সক্রিয় রয়েছে। তারা ওই সরকারী হাসপাতালের সাধারণ রোগীদের নানাভাবে হয়রানি ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন।

এসব নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার মৌখিক অভিযোগ করা হলে বিষয়টি আমলে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তার নির্দেশনায় ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহযোগিতায় ওই সরকারী হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।

এ সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্যরা। অভিযান চালিয়ে ওই সরকারী হাসপাতাল চত্বর থেকে দালাল চক্রের সদস্য ইব্রাহিম দেওয়ান ও ছাহিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এসময় ওই দুই দালাল সদস্যকে দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা জানান, সরকারি হাসপাতাল থেকে কাঙিক্ষত সেবা নিতে আসা সাধারণ রোগীদের কোনো ধরণের হয়রানি বা দালালের প্রতারণা বিন্দুমাত্র বরদাশত করা হবে না। জনস্বার্থে দালাল চক্রের বিরুদ্ধে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

Ads