জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, বৈদ্যুতিক তার সরিয়ে ফেলায় রহস্য

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, বৈদ্যুতিক তার সরিয়ে ফেলায় রহস্য

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আবাদি জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ছয়টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের আলী আকবরের ছেলে।

তবে আলিফ কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ঘটনার পর জমি থেকে বৈদ্যুতিক তার সরিয়ে ফেলার ঘটনায় বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, উত্তর ভবানীপুর এলাকায় সম্প্রতি বুনো শিয়ালের উপদ্রব বেড়েছে। শিয়ালের হাত থেকে সবজির খেত, বিশেষ করে কপির চারা রক্ষায় কেউ কেউ রাতে জমির চারপাশে তারের বেড়া দিয়ে তাতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।

স্থানীয় বাসিন্দা মানিক বলেন, ফসল রক্ষার জন্য তাঁরা রাতে জমির চারপাশের তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন। তাঁর ধারণা, ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসেই আলিফের মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে আরেক বাসিন্দা আবদুল কুদ্দুস বলেন, সকালে জমিতে পানি দেওয়ার জন্য সেচের মোটর চালু করতে গিয়ে আলিফ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় যুবক রবিউল বলেন, কেউ বলছেন মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, আবার কেউ বলছেন শিয়াল ঠেকাতে দেওয়া বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, জমি থেকে বৈদ্যুতিক তারগুলো সরিয়ে নেওয়া হয়েছে। মৃত্যুর পরপরই এভাবে তার সরিয়ে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী বলেন, ফসল রক্ষার নামে জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের বৈদ্যুতিক ফাঁদে শুধু কৃষক নয়, পথচারীসহ অন্য যে কেউ দুর্ঘটনার শিকার হতে পারেন।

খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। বৈদ্যুতিক তার সরিয়ে ফেলার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে জানা গেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই আলিফের মৃত্যু হয়েছে। তবে তিনি কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তাই মৌখিকভাবে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ বা এ ঘটনায় কারও দায় থাকার বিষয়টি উঠে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Ads