বিনানুমতিতে অনুপস্থিত কর্মচারীকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
বিনানুমতিতে অনুপস্থিত কর্মচারীকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ফরিদপুরের চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বিনানুমতিতে অনুপস্থিত থাকার কারণে রিনা আক্তার নামে এক পরিবার পরিকল্পনা সহকারীকে তাৎক্ষণিক সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নির্দেশ দেন তিনি। একইসঙ্গে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতিও দেন মন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি টিকাদান কেন্দ্রে সাপের কামড় ও জলাতঙ্কের চিকিৎসায় প্রয়োজনীয় ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরকারের স্বাস্থ্য খাতের বিভিন্ন লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক যন্ত্রপাতি, প্যাথলজি সুবিধা এবং নারী ও শিশুদের জন্য পৃথক শয্যা সংযোজন করে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। শিগগিরই হাসপাতালটিতে একজন গাইনি চিকিৎসক পদায়ন করা হবে বলেও জানান তিনি।

পরে স্বাস্থ্যমন্ত্রী একই জেলার সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

Ads