ঝিনাইদহে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
ঝিনাইদহে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার নেপা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনÑমহেশপুর উপজেলার বাঘাডাংঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) ও তার স্ত্রী পারভীন খাতুন (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মহেশপুর থানা পুলিশের একটি দল নেপা গ্রামের আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও তার স্ত্রী পারভীন খাতুনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭০০ পিস অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুলজাতীয় ওষুধ উদ্ধার করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অবৈধ ওষুধের চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Ads