পীরগঞ্জে ফুটপাত দখল মুক্ত পুনর্বাসনে বহুতলা বিশিষ্ট পৌরবাজারের দাবী

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
পীরগঞ্জে ফুটপাত দখল মুক্ত পুনর্বাসনে বহুতলা বিশিষ্ট পৌরবাজারের দাবী

পীরগঞ্জ পৌর শহরের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচলের পথ দখলমুক্ত করা হয়েছে গত শনিবার। জনস্বার্থে নেওয়া এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ মানুষের চলাচলে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছিল, উচ্ছেদ অভিযানের ফলে তা অনেকটাই কমেছে। এটি ছিল পৌরবাসীর দীর্ঘদিনের দাবি।

তবে একটি প্রশ্ন থেকেই যায়-ফুটপাত দখলমুক্ত হলো, কিন্তু যারা সেখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন, তাদের জীবিকার পথ কোথায়?

ফুটপাতে বসা সকলেই ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী নন। তাদের অনেকেই ভূমিহীন, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। কেউ এনজিও কিংবা ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে সামান্য পুঁজি দিয়ে ব্যবসা করতেন। সেই ব্যবসার আয় থেকেই ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি চলত সংসার।

তাদের জন্য ফুটপাত ছিল শুধু ব্যবসার জায়গা নয়, ছিল বেঁচে থাকার অবলম্বন। এমন একজন নারী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে কাঁচা সবজির দোকান করতেন। ওই সামান্য দোকানের আয় দিয়ে অসুস্থ স্বামীর চিকিৎসা ও সংসারের খরচ চালাতেন। উচ্ছেদের পর বিকল্প ব্যবস্থা না থাকায় এখন তাঁকে খোলা আকাশের নিচে অল্প কিছু সবজি নিয়ে বসতে হয়। স্বাভাবিকভাবেই আগের মতো বিক্রিও হয় না,জানালেন ওই নারী সবজী ব্যাবসায়ী কোহিনুর বেগম।

তাই ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি এসব ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। এ ক্ষেত্রে পীরগঞ্জ পৌরবাজার হতে পারে একটি কার্যকর সমাধান। নতুন করে জায়গা কিনে বাজার স্থাপন কঠিন হলেও বিদ্যমান পুরাতন বাজারকে পরিকল্পিতভাবে বহুতল আধুনিক ও ব্যবসাবান্ধব বাজারে রূপ দেওয়ার সুযোগ রয়েছে। প্রয়োজন শুধু দূরদর্শী, টেকসই ও কল্যাণমুখী পরিকল্পনা এবং তা বাস্তবায়নের সদিচ্ছা।

এমন উদ্যোগ বাস্তবায়িত হলে ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের পাশাপাশি পৌর এলাকার শিক্ষিত-আধাশিক্ষিত বেকার যুবক-যুবতীদেরও স্বল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগ সৃষ্টি হবে এবং তাঁরা খুঁজে পাবে নিজের পায়ে দাড়ানোর ঠিকানা। ফুটপাত থাকবে পথচারীর জন্য, আর ব্যবসার জন্য থাকবে পরিকল্পিত জায়গা- এ প্রত্যাশা পীরগঞ্জ পৌরবাসীর।

Ads