বিরামপুরে সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা: বিজিবি-গ্রামবাসীর বাধায় পণ্ড

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
বিরামপুরে সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা: বিজিবি-গ্রামবাসীর বাধায় পণ্ড

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ২৮ জন ভারতীয়কে বাংলাদেশ অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তাঁরা ভারতে ফিরে যায়। এ ঘটনার পর ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। পুশ-ইন ঠেকাতে বিজিবি’র সঙ্গে গ্রামবাসী সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দাউদপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজিবি জানায়, রোববার রাত ১১টার দিকে বিএসএফ ভারতের কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কিছু ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা করেন। বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশের সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাঁদের ধাওয়া করেন। ধাওয়া মুখে বিএসএফ তাঁদের ফিরিয়ে নিতে বাধ্য হন।

সরেজমিনে রাত সাড়ে ১২টার দিকে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে লাঠি হাতে স্থানীয় পুরুষের পাশাপাশি নারীরাও গ্রামের মোড়ে মোড়ে অবস্থান করছেন। বিজিবি সদস্যরা পোস্টের পাশাপাশি বিভিন্ন স্থানে মোতায়েন আছেন।

প্রত্যক্ষদর্শীদের রাখেন মোল্লা নামের এক যুবক জানান, রাতে আমি বাড়ির পাশে মাঠে দাঁড়িয়ে ছিলাম। এসময় বেশ কিছু ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। আমি চিল্লাচিল্লি শুরু করলে পোস্টে থাকা বিজিবি এবং গ্রামবাসী সেখানে উপস্থিত হন। পরে তাঁদের ফিরিয়ে নিতে বাধ্য হন বিএসএফের সদস্যরা।

স্থানীয় বাসিন্দা রুবেল জানান, প্রথম দিকে তাঁদের প্রতিহত করলে এর বেশ কিছুক্ষণ পর পাশের একটি এলাকা দিয়ে আবারও পুশ-ইনের চেষ্টা করেন। সেখানে গ্রামবাসী বাধা দিলে তাঁরা সেখান থেকেও ফিরিয়ে নেন।

শূন্যরেখায় বসবাসকারী ভারতীয় নাগরিক নুর ইসলাম জানান, ‘আমি দেখেছি তাঁরা ২৮ জন ছিলেন। তাঁদের মধ্যে ৪ জন নারী এবং ২৪ জন পুরুষ। তাঁদের মধ্যে বেশ কিছু বিএসএফ এবং ভারতীয় পুলিশ সদস্য ছিলেন।

এবিষয়ে দাউদপুর বিওপি’র ক্যাম্প কমান্ডার মো. নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, পুশ-ইনের ঘটনা আমরা প্রতিহত করেছি। স্থানীয় গ্রামবাসী আমাদের সার্বিক সহায়তা করেন। পুশ-ইন ঠেকাতে আমাদের পাশাপাশি গ্রামবাসী নিজেদের উদ্যোগে টহল দিচ্ছেন। পুশ-ইন ঠেকাতে এই এলাকায় আমরা সতর্ক অবস্থায় আছি।

Ads